5>আমাদের শুরু যিনি তিনি তো অদ্বৈত...'
5>“আমাদের শুরু যিনি তিনি তো অদ্বৈত...'
স্বামী বিমলাত্মানন্দ।
স্বামী বিবেকানন্দের মানসকন্যা
ভগিনী নিবেদিতা তাঁর জীবনের শেষপর্বে 'The Master as I Saw Him' রচনায়
সুস্পষ্টভাবে শ্রীশ্রীমা সারদা দেবীর
ঐতিহাসিক মূল্যায়ন করেছিলেন: "তাঁহার (শ্রীশ্রীমার) মধ্যে দেখা যায়, অতি
সাধারণ নারীরও অনায়াসলভ্য জ্ঞান ও মাধুর্য; তথাপি আমার নিকট তাঁহার
শিষ্টতার আভিজাত্য ও মহৎ উদার হৃদয়
তাঁহার দেবীত্বের মতোই বিস্ময়কর মনে
হইয়াছে। কোন প্রশ্ন যত নূতন বা জটিল হউক না কেন, উদার ও সহৃদয় মীমাংসা করিয়া
দিতে তাঁহাকে ইতস্ততঃ করিতে
দেখি নাই।” ওলি বুলকে ১৯১০ খ্রিস্টাব্দে
২২ সেপ্টেম্বর তারিখে নিবেদিতা তাঁর অনুভবের কথা লিখছেন:--
“পূর্ণ তিনি-মাতাদেবী! পূর্ণ মাধুর্যে, মৌনে। আর কী জ্যোতির্ময়! ইদানীং আরও
গভীরভাবে বুঝতে পারছি, তিনি কত
সত্যভাবে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী
ছিলেন।”
শ্রীশ্রীমায়ের একটি চিঠির খণ্ডাংশ উল্লেখ করব। ১৫ ভাদ্র ১৩০৯, ৩১ আগস্ট ১৯০২। জয়রামবাটী থেকে শ্রীশ্রীমা লিখেছেন
তাঁরই মন্ত্রশিষ্য, স্বামীজীর সন্ন্যাসিশিষ্য, মায়াবতী অদ্বৈত আশ্রমের কর্মী সুপণ্ডিত স্বামী বিমলানন্দজী মহারাজকে। চিঠিটি বিমলানন্দজী পেয়েছিলেন ৭ সেপ্টেম্বর ১৯০২।
"নিরাপদেষু-
"পরম শুভাশীর্বাদবিশেষ-
"বাবাজি ১খান পত্র পাইয়া জ্ঞাত আছি। শ্রীশ্রীস্বামীজী মহারাজের জন্য যে কষ্ট
হইতেছে লিখিয়া কি জানাই! আমাদের
গুরু জিনি [যিনি] তিনি ত অদ্বৈত। তোমরা সেই গুরুর শিস্য [শিষ্য] তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি যোর [জোর] করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী।” -পত্রটি
অধ্যাপক শঙ্করীপ্রসাদ বসু ব্যাঙ্গালোর মঠ থেকে আবিষ্কার করেছেন। চিঠির প্রেক্ষাপট-১৯০১ সালের জানুয়ারি। মায়াবতী অদ্বৈত আশ্রমে স্বামীজী গিয়েছিলেন মি. সেভিয়ারের দেহত্যাগের পর মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দিতে আর
অদ্বৈত আশ্রম কতটা স্থিতিশীল
হয়েছে দেখতে।
স্বামী বিমলানন্দের উদ্যোগে, বিরজানন্দ ও অন্যান্যদের উৎসাহে ঠাকুরঘর স্থাপিত হয়েছে- নিয়মিত ফুল, ধুপদীপ দিয়ে
অর্চনাদি হত। কিন্তু স্বামীজীর একান্ত ইচ্ছা ছিল অদ্বৈত আশ্রমে একান্তভাবে অদ্বৈতভাবেই
ঠাকুরের ধানচিন্তা হবে-দ্বৈতভাবের কোনও ব্যবস্থা থাকবে না। তিনি নিজেই অদ্বৈত আশ্রমের
পরিচয়-পুস্তিকায় (Prospectus)
লিখেছিলেন, "যদিও আশ্রমটি সমস্ত
ধর্মমতের প্রতি সম্পূর্ণ সহানুভূতিসম্পন্ন, তবুও ইহা অদ্বৈত-কেবলমাত্র
অদ্বৈত-ভাবের জন্যই উৎসর্গীকৃত হইল।"
সেই অদ্বৈতভাবকে ধূলিসাৎ করে
দ্বৈতভাবের উপাসনা হচ্ছে দেখে স্বামীজী খুবই ক্ষুণ্ণ হলেন, স্বরূপানন্দজী ও মিসেস সেভিয়ারকে তীব্র তিরস্কার করলেন। তাঁর কঠোর মনোভাব উপস্থিত সকলকে জানালেও পূজার ঘরটি অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ স্বামীজী দেননি কারণ
কারও অনুভূতিতে আঘাত করার মতো কোনও কাজ তিনি কখনও করেননি। তা করলে কর্তৃত্বের জোর খাটানো হত। স্বামীজী শুধু চেয়েছিলেন যাঁরা সে-কাজ করেছেন তাঁরা যেন তাঁর অভিপ্রায়
হৃদয়ঙ্গম করতে পারেন। অবশ্য পরে স্বামীজীর আপসহীন
মনোভাব সকলের মনে প্রভাব বিস্তার
করেছিল-এই অদ্বৈত আশ্রমের ঘোষিত আদর্শ অক্ষরে অক্ষরে পালন এবং
তা বজায় রাখার জন্যই যে স্বামীজী
তাঁদেরকে (মিসেস সেভিয়ার ও স্বরূপানন্দজী) বিশেষভাবে নিয়োগ করেছেন, তা গভীরভাবে অনুভব করে তাঁরা পূজা বন্ধ করে দেন এবং ক্রমে ঠাকুরঘর বন্ধ হয়ে গিয়েছিল।
স্বামীজীর ইংরেজি জীবনী থেকে সেদিনকার ঘটনা জানা যায়। রাতের খাবার পর মায়াবতী অদ্বৈত আশ্রমের নিচের ঘরে অগ্নিকুণ্ডের ধারে
স্বামীজীকে ঘিরে সবাই বসে আছেন। তখন স্বামীজী আশ্রমবাসীদের উদ্দেশে ঠাকুরঘর সম্বন্ধে বললেন,
"অত্যন্ত অনুচিত কাজ হয়েছে। অদ্বৈত আশ্রমে ধর্ম আচরিত হবে
ব্যক্তিগতভাবে; আশ্রমবাসীরা নিজস্বভাবে ধ্যানাদি করবে, একক বা সমবেতভাবে শাস্ত্রচর্চা করবে, সর্বোচ্চ
আধ্যাত্মিক তত্ত্ব অদ্বৈতবাদের অনুশীলন করবে ও শিক্ষা দেবে-দ্বৈতভাবের দুর্বলতা ও নির্ভরতা থেকে একেবারে দূরে থাকবে।" তাঁর নিজগুরুর শিক্ষা ও আশীর্বাদেই
তিনি অদ্বৈতবাদী হয়েছেন এবং তিনি
এ-বিষয়ে সচেতন যে, শ্রীরামকৃষ্ণ তাঁকে সর্বপ্রকার ধর্ম শিক্ষা দেওয়ার ও প্রচার
করার দায় দিলেও তাঁর (স্বামীজীর)
ক্ষেত্রে কিন্তু অদ্বৈতবাদের উপর জোর
দিয়ে গেছেন।
প্রধান উদ্যোগী বিমলানন্দজীর যেহেতু
দ্বৈতের দিকে ঝোঁক, সুতরাং তাঁর অদ্বৈত আশ্রমে থাকা উচিত কী না ভেবে এবং
স্বামীজীর মনোভাব সঠিক বোঝার জন্য সংশয়যুক্ত মন নিয়ে তিনি জয়রামবাটীতে শ্রীশ্রীমাকে এক পত্র লিখেছিলেন। তাঁরা সব ক্ষেত্রে শ্রীশ্রীমাকেই সর্বোচ্চ
বিচারক মনে করতেন। তবে বিমলানন্দজী পত্রটি অনেক পরে লিখেছিলেন। ঘটনা পরম্পরায় অনুমিত হয় চিঠিটি
স্বামীজীর মহাসমাধির পর লেখা। স্বামীজী সশরীরে থাকতে বিমলানন্দজী কোনও প্রতিক্রিয়া দেখাননি।'
শ্রীশ্রীমা বিমলানন্দজীর এই মানসিক
দ্বন্দ চিরতরে দূর করে দিয়েছিলেন। শ্রীশ্রীমায়ের এই আশ্বাসে বিমলানন্দজী এবং তাঁর গুরুভাইরা সকলেই স্বামীজীর মনোগত ভাবটি ঠিক ঠিক ধরতে পেরেছিলেন।
শ্রীশ্রীমার এই চিঠিটি ঐতিহাসিক। রামকৃষ্ণ সঙ্ঘের ইতিহাসে একটি অমূল্য দলিল। রামকৃষ্ণ সঙ্ঘের ব্রহ্মচারী-সন্ন্যাসীরা
কোন পন্থী-দ্বৈতবাদী, না বিশিষ্টাদ্বৈতবাদী, না অদ্বৈতবাদী-এই দ্বন্দ চিরতরে নির্মূল
করে দিলেন শ্রীশ্রীমা। স্থির হয়ে গেল-তাঁরা নিঃসন্দেহে
অদ্বৈতবাদী।
আচার্য শঙ্কর প্রবর্তিত শৃঙ্গেরি মঠাম্নায়ে
তিনটি পদবীর অন্যতম 'পুরী'। এই 'পুরী' সম্প্রদায়ের সন্ন্যাসী তোতাপুরী শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসগুরু।
তিনিশ্রীরামকৃষ্ণকে শাস্ত্রমতে বিরজাহোম
করে সন্ন্যাস দিয়েছিলেন। রামকৃষ্ণ সঙ্গের ব্রহ্মচারী ও সন্ন্যাসীরা
সেই পুরী সম্প্রদায়ের পরম্পরাতেই
আছেন। মঠান্নায় অনুযায়ী সঙ্ঘের ব্রহ্মচর্য নাম 'চৈতন্য', সন্ন্যাস নাম 'পুরী'। 'পুরী'র অর্থ পরিপূর্ণ। যিনি জ্ঞানতত্ত্বে পরিপূর্ণ, ব্রহ্মাপদে স্থিত, সর্বক্ষণ বিলাস করেন পরমব্রহ্মে, তিনিই 'পুরী'। এই মঠান্নায় সম্প্রদায়ের নাম 'ভূরিবার'। এর অর্থ-প্রচুর ধনধান্য ও সংসারের
বিপুল বৈভবকে ত্যাগ করে যাঁরা বৈরাগ্য অবলম্বন করে আত্মচিন্তায় মগ্ন হন। ব্রহ্ম চিন্মাত্র, নির্বিশেষ, অনন্ত, অজয় ও শিবস্বরূপ-এইপ্রকার ব্রহ্মজ্ঞান যাঁর
হয়েছে, সেই ব্রহ্মচারী'চৈতন্য' আখ্যার
অধিকারী।"
শৃঙ্গেরী মঠের 'পুরী' পদবীর যে-অর্থ, সেই অর্থের প্রতীক শ্রীরামকৃষ্ণ। তিনি জ্ঞানে পরিপূর্ণ, ব্রহ্মে স্থিত, সর্বদাই ব্রহ্মে বিচরণ করতেন। একমাত্র অদ্বৈতবাদীরাই তা পারেন। শ্রীরামকৃষ্ণের জীবন ব্রহ্মময়। তিনি বলেছেন-ব্রহ্মাই কালী, কালীই ব্রহ্ম। কালী-ব্রহ্মে শ্রীরামকৃষ্ণ সর্বদা মজে
থাকতেন। শ্রীশ্রীমা বলেছেন, "তিনি একটি দেখা
(প্রত্যক্ষদর্শী) লোক, তিনি সব দেখেছেন, তিনি সব জানেন, তাঁর কথা বেদবাক্য।”
শ্রীশ্রীমা এই চিঠিতে আর একটি দিক সুস্পষ্ট করে দিলেন। লিখলেন, 'আমাদের গুরু।' বললেন
না-'আমার' বা 'নরেনের' বা অন্য কারও। আমাদের অর্থাৎ রামকৃষ্ণ সঙ্ঘের সকল ব্রহ্মচারী, সন্ন্যাসী ও ভক্তদের গুরু
শ্রীরামকৃষ্ণ। শ্রীশ্রীমা যখন দীক্ষা দিতেন, তখন তিনি শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে বলতেন, "উনিই
গুরু।” শ্রীশ্রীমা একটি চিঠিতে লিখেছেন, "যদি আমার ধ্যান করতে তোমার বেশি
ইচ্ছা হয় তবে তাহাই করিবে, কারণ আমি ও ঠাকুরের কোনও পার্থক্য নাই। শুধু রূপের পার্থক্য। যিনি ঠাকুর তিনিই এই দেহে আছেন।”
শ্রীরামকৃষ্ণের সকল পার্ষদ দীক্ষাদানের
সময় ঠাকুরকে দেখিয়ে বলতেন,
"ইনিই গুরু।” সেই পরম্পরায় রামকৃষ্ণ
সঙ্ঘের গুরুগণও অভিষ্ণাত।
শ্রীরামকৃষ্ণ নিজে বলেছেন, "সচ্চিদানন্দই একমাত্র গুরু।" তিনি মানুষগুরুর মাধ্যমে পথ দেখিয়ে দেন। আমাদের সকলের গুরু শ্রীরামকৃষ্ণ। রামকৃষ্ণ সঙ্ঘে গুরুবাদের কোনও স্থান নেই। শ্রীশ্রীমা তাই বললেন, "আমাদের গুরু
যিনি তিনি অদ্বৈত। তোমরা সেই গুরুর শিষ্য, তোমরাও
অদ্বৈতবাদী।" এই প্রসঙ্গে শ্রীশ্রীমায়ের মন্ত্রশিষ্য দশম সঙ্ঙ্গগুরু পরমপূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ শ্রীশ্রীমায়ের এই কথা ব্যাখ্যা করে বলেছেন, "প্রতিটি শিষ্যগোষ্ঠীই বলে, 'আমার গুরু, আমার গুরু'। নিজের নিজের গুরুর প্রতি ভালবাসা,
শ্রদ্ধা ও ভক্তি নিশ্চয়ই ভাল এবং
প্রয়োজনও। কিন্তু গুরুকে কেন্দ্র করে একটা সম্প্রদায় তৈরি করা খারাপ।... আমাদের কাছে
ঠাকুরই সব-গুরু, ইষ্ট সব তিনি। তিনি আমাদের 'গতির্ভর্তা প্রভুঃ সাক্ষী
নিবাসঃ শরণং সুহৃৎ'।"
শ্রীশ্রীমায়ের যিনি স্বামী, গুরু, ঈশ্বর-যাঁর পূজায় তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত
নিয়ন্ত্রিত-সেই শ্রীরামকৃষ্ণের পূজা বন্ধ
করার ঔচিত্য সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। আর তিনি উত্তর দিলেন-মায়াবতী অদ্বৈত আশ্রমে শ্রীরামকৃষ্ণ-পূজা বন্ধ করিয়ে
স্বামীজী ঠিক করেছেন। এরকম উত্তর একমাত্র দিতে পারেন শ্রীশ্রীমা-ই। আমাদের লৌকিক বুদ্ধিতে একথা
অলৌকিক।মনে রাখতে হবে-অদ্বৈত সাধনার সময়ে শ্রীরামকৃষ্ণ জ্ঞানের অসিতে মা
জগদীশ্বরীর মূর্তিকে পর্যন্ত দ্বিখণ্ডিত করেছিলেন।
শ্রীরামকৃষ্ণকে আমরা সমন্বয়াচার্য বলি। এটি কথার কথা নয়। তিনি প্রচলিত ও অপ্রচলিত সব ধর্মমতের সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। শুধু তাই নয়, সেইসব ধর্মমতের প্রধান
পুরুষকে তিনি দর্শন করেছিলেন। তাই বলেছিলেন, "যত মত তত পথ।"
তিনি স্বীকার করেছেন-"এখানকার
অনুভূতি বেদবেদান্ত ছাড়িয়ে গেছে।"
"অদ্বৈতভাব শেষ কথা জানবি,
উহা বাক্যমনাতীত উপলব্ধির বিষয়।* "মন বুদ্ধি সহায়ে বিশিষ্টাদ্বৈত পর্যন্ত বুঝা যায়।" "বিষয়বুদ্ধিপ্রবণ সাধারণ মানবের পক্ষে দ্বৈতভাব...। "
শ্রীরামকৃষ্ণ বলেছেন, ব্রহ্ম যদি অগ্নি,
শক্তি তার দাহিকাশক্তি। কিন্তু অগ্নিরই দাহিকা শক্তি
-দাহিকাশক্তির অগ্নি নয়। শ্রীরামকৃষ্ণ-ব্রহ্মের শক্তি সারদা। তাই তিনি দৃঢ়তার সঙ্গে মূল সত্যকে
প্রকাশ করেছেন: "আমাদের গুরু যিনি, তিনি তো অদ্বৈত।... আমি জোর করিয়া
বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী।” স্বামীজী বলেছেন, "উনি সর্বদা এমন
অতিচৈতন্যলোকে থাকেন যে, প্রত্যেকের অন্তরের সংবাদ জানেন। "
শ্রীশ্রীমায়ের সন্তান শান্তানন্দজী তাঁর
সেবক ব্রহ্মচারীকে নিজের অনুভবের
কথা বলেছিলেন, "তিনি সাক্ষাৎ মহামায়া। তিনি পরমেশ্বরী, তিনি জগদম্বা। বুঝেছ?
তিনি কৃপা করলে সাধক-সাধিকার সমাধি হয়, তিনি সমাধি দেন।... এই যে ঠাকুরের মুহুর্মুহু সমাধি আর গরগর মাতোয়ারা
ভাব দেখে আমাকে এই প্রশ্ন করেছ,
জানবে, মহামায়া পরমেশ্বরী জগন্মাতা
কৃপা করেছেন, তাই এই শুদ্ধ সাত্ত্বিক
বিকার সম্ভব হয়েছে। এখন আমাদের কথা বুঝবে না। যখন শাস্ত্র পড়বে, শাস্ত্রজ্ঞান হবে, তখন
বুঝবে এটি মহামায়ার এলাকায় পড়ে।”আর শ্রীরামকৃষ্ণের কথা: "ও সারদা
সরস্বতী, জ্ঞান দিতে এসেছে।” সুতরাং
যিনি সর্বদা অতিচৈতন্যবিচরণকারী,
সমাধিদাত্রী, তিনিই শ্রীশ্রীমা। ওই ভাবের স্তর থেকে এ-ধরনের চিঠি
তাঁর পক্ষেই লেখা সম্ভব, অন্য কারও
পক্ষে নয়। বিমলানন্দজী একটি সত্য উদ্ঘাটন
করে দিয়ে আমাদের চির কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করলেন।
এবার দেখা যাক-স্বামীজী ও তাঁর
গুরুভাইরা শ্রীরামকৃষ্ণের অদ্বৈতভাব
সম্বন্ধে কী বলেন?
শ্রীরামকৃষ্ণকে শ্রীশ্রীমার পরেই সবচেয়ে বেশি বুঝেছেন স্বামীজী। শ্রীরামকৃষ্ণের আরাত্রিক ভজনে তিনি
গেয়েছেন 'নির্গুণ গুণময়,' 'নমো নমো প্রভু স্তোত্রে স্বামীজী তাঁকে বন্দনা করেছেন
বাক্যমনাতীত মনোবচনৈকাধার।'
আর শ্রীরামকৃষ্ণ-'অদ্বয়তত্ত্বসমাহিত চিত্তং' বলে। যে-শ্রীরামকৃষ্ণ নির্গুণ ব্রহ্মা তিনি গুণময় হয়েছেন; যিনি বাক্য ও মনের অতীত
তিনিই আবার বাক্য ও মনের প্রধান শক্তি (Sole Support)। শ্রীরামকৃষ্ণের মন সর্বদা অদ্বয় ব্রহ্মে সমাহিত, যাকে বাক্যে প্রকাশ করা যায় না। তিনি বলতেন, ব্রহ্ম উচ্ছিষ্ট হননি। তৈত্তিরীয় উপনিষদে এই কথাই আছে:
বাক্য যেখান থেকে ফিরে আসে-"যতো
বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ”
(২৷৯), কেনোপনিষদে আছে: "শ্রোত্রস্য শ্রোত্রং মনসো মনো যদ/ বাচো হ বাচং
স উ প্রাণস্য প্রাণঃ।” (১।২)
স্বামীজীর নিজের অনুভব ব্যক্ত করেছেন "সামাখ্যাদ্যৈগীতিসুমধুরৈমেঘগম্ভীরঘোষৈ-র্যজ্ঞধ্বান-ধ্বনিতগগনৈব্রাহ্মণৈজ্ঞাতবেদৈঃ। বেদান্তাখ্যৈঃ সুবিহিতমখোদ্ভিন্ন-
মোহান্ধকারৈঃ স্তুতো গীতো য ইহ সততং তং ভজে রামকৃষ্ণম্।" বেদতত্ত্বজ্ঞ
ব্রাহ্মণগণ যজ্ঞস্থলে মন্ত্রোচ্চারণ দ্বারা
আকাশ বাতাস মুখরিত করতেন,
বিধিপূর্বক যজ্ঞ সম্পাদন করার ফলে
তাঁদের হৃদয় থেকে বেদান্তবাক্য দ্বারা
ভ্রম ও অজ্ঞানের অন্ধকার দূরীভূত
হয়েছিল। তাঁরা মেঘের মতো গম্ভীর সুমধুর সুরে
সামবেদ প্রভৃতি দ্বারা যাঁর স্তব করেছেন, যাঁর মহিমা কীর্তন করেছেন-আমি সর্বদা সেই শ্রীরামকৃষ্ণের ভজনা করি।
শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদদের মধ্যে
লাটু মহারাজ (স্বামী অদ্ভুতানন্দ) প্রথমে তাঁর কাছে এসেছিলেন। সেবক ও ছায়াসঙ্গী লাটু মহারাজের
স্মৃতিচারণায় শ্রীরামকৃষ্ণের অনেক
উপদেশ পাওয়া যায়। যেমন, শ্যামপুকুরবাটীতে কালীপূজার
দিন তিনি বলেছিলেন,
"ধ্যেন কি একরকম রে? একরকম ধ্যেন আছে, যেখানে নিজেকে ভাবতে হয়
একটা মাছ আর ব্রহ্ম যেন অগাধ সুমুদ্দর-তাতে খেলে বেড়াচ্ছি। আর এক রকম আছে, যেখানে নিজের
শরীরকে ভাবতে হয় সরা আর মনবুদ্ধি
হচ্ছে জল, সেই জলে সচ্চিদানন্দ-সূর্যের ছায়া পড়ছে। ন্যাংটা (অর্থাৎ তোতাপুরী) একরকম
ধ্যেনের কথা বোলতো। জলে জল, উপর-নীচে জল, তাঁর ভিতরে যেন একটা ঘট রয়েছে-বাহিরে ভিতরে
জল। আর একরকম আছে সেখানে
সচ্চিদানন্দ-আকাশে (আত্মারূপ) পাখী আনন্দে উড়ে বেড়াচ্ছে। এসব হচ্ছে জ্ঞানীর ধ্যেনের কথা। এসব ধ্যেনে সিদ্ধ হওয়া বড় কঠিন।...
ধ্যেন জমে গেলে অখণ্ডের বোধ এসে যায়।”
লাটু মহারাজ আরও বলেছেন,
"হামাদের ত কেবল বলতেন-'ওরে!
ব্রহ্ম অলেপ। তিনগুণ তাঁতে আছে, বাকী তিনি তাদের থেকে অলগ, যেমন বায়ু-গন্ধ ছড়ায়, বাকি নিজে আলগ্ থাকে।' কোন কোন দিন বা বলতেন- 'ওরে! ব্রহ্ম সচ্চিদানন্দময়,
সেখানে শোক, দুঃখ, জরা, মরণ, ক্ষয়,
বৃদ্ধি কুছু নাই।' আবার কোন কোন দিন
বলতেন-'ওরে! দেখছি এঁরই ভিতর সব
কুছু। তিনি আর হৃদয়মধ্যে যিনি, সব এক
অখণ্ড।' ”
“তিনি (ঠাকুর) বলতেন-
'ব্রহ্ম কার্যকারণের পার, বিদ্যা-অবিদ্যার পার; তিনি মায়াতীত। মায়াতীত ব্রহ্মকে অস্তিও বলা যায় না,
নাস্তিও বলা যায় না। তিনি অস্তিনাস্তির মধ্যে। তিনি একও নন, দুইও নন; তিনি এক-দুইয়ের মধ্যে অদ্বিতীয়।' ”
অদ্বৈতবেদান্তসাধনায় শ্রীরামকৃষ্ণ
"শ্রীশ্রী-জগন্মাতার নির্গুণ নিরাকার
নির্বিকল্প তুরীয় রূপের সাক্ষাৎ উপলব্ধি
করিয়াছিলেন”
-সারদানন্দজী লিখেছেন। সারদানন্দজী নিজে অনুভব ও তথ্য
যাচাই করে লীলাপ্রসঙ্গ রচনা করেছেন। যখন উদ্বোধন অফিসে বসে তিনি
লিখতেন, শ্রীশ্রীমা উপরে থাকতেন। শ্রীশ্রীমায়ের শক্তিতে ভরপুর হয়েই তিনি লিখেছিলেন লীলাপ্রসঙ্গ।
শ্রীরামকৃষ্ণ হৃদয়ঙ্গম করেছিলেন, অদ্বৈতভাবে সুপ্রতিষ্ঠিত হওয়াই সর্ববিধ
সাধনভজনের চরম উদ্দেশ্য। অদ্বৈতভাবের কথা জিজ্ঞাসা করলে
শ্রীরামকৃষ্ণ সারদানন্দজীদের বলতেন, “উহা শেষ কথা রে, শেষ কথা;
ঈশ্বর-প্রেমের চরম পরিণতিতে সর্বশেষে উহা সাধকজীবনে স্বতঃ আসিয়া উপস্থিত হয়; জানবি সকল মতেরই উহা শেষকথা এবং যত মত তত পথ।”
শ্রীরামকৃষ্ণ বলতেন,
"যে ঠিক অদ্বৈতবাদী সে চুপ হইয়া যায়! অদ্বৈতবাদ বলবার বিষয় নয়। বলতে-কইতে গেলেই দুটো এসে পড়ে,
ভাবনা-কল্পনা যতক্ষণ ততক্ষণও ভিতরে দুটো-ততক্ষণও ঠিক অদ্বৈতজ্ঞান হয় নাই। জগতে একমাত্র ব্রহ্মবস্তু বা
শ্রীশ্রীজগদম্বার নির্গুণভাবই কখনও
উচ্ছিষ্ট হয় নাই।”
স্বামী শিবানন্দজীর অনুভূতি-
“স্বয়ং পূর্ণব্রহ্ম ভগবান জীবকে উদ্ধার
করবার জন্য নরদেহ ধারণ করে রামকৃষ্ণরূপে এসেছিলেন।”
"ঠাকুর নিজে মা-কালীকে পুজো করেছিলেন। বেদে যাঁকে 'সত্যং জ্ঞানমনন্তং ব্রহ্ম' বলা হয়েছে, দ্বৈতবাদীরা যাঁকে ঈশ্বর বলে,
শাক্তেরা যাঁকে শক্তি বলে, যিনি
বৈষ্ণবদের বিষ্ণু, শৈবদের শিব, তাঁকেই
ঠাকুর 'মা' বলতেন। আর সেই মাকে পুজো করেই ঠাকুরের
সব রকমের অনুভূতি হয়েছিল। তিনি অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈত ইত্যাদি
সব ভাবেই সিদ্ধিলাভকরেছিলেন।”
সমাধিপ্রসঙ্গে বলতে গিয়ে শিবানন্দজী
ব্যাখ্যা করেছেন অদ্বৈতভাবের তুরীয়
অবস্থা : "মন যখন সমাধিতে লীন হয়ে
যায়, তখন বর্তমানেরও কোন জ্ঞান থাকে না, তখন ত্রিকালাতীত অবস্থা। সে-অবস্থার বর্ণনা করা যায় না। তাই স্বামীজী বলেছেন,
'অবাত্মনসোেগোচরম্-বোঝে প্রাণ বোঝে যার।' এ সাধারণ অবস্থার কথা নয়। সমাধিথেকে ব্যুত্থিত হয়ে সমাধির
আনন্দ প্রকাশ করবার ভাষা খুঁজে পাওয়া যায় না। ঠাকুরকে দেখেছি, তিনি নির্বিকল্প সমাধি থেকে ব্যুত্থিত হওয়ার সময় মন যখন
একটু নেমেছে, অথচ ভাবাবেশ রয়েছে,
তখন সে-অবস্থা বর্ণনা করবার চেষ্টা
করতেন, কিন্তু পারতেন না। শেষটায় বলতেন, 'আমার তো ইচ্ছে হয় যে তোদের বলি, কিন্তু পারিনে, কে যেন
মুখ চেপে ধরে।' বাস্তবিকই সে-অবস্থার
বর্ণনা করা যায় না। 'বোঝে প্রাণ বোঝে যার।'
বেদান্ততত্ত্বে সুপ্রতিষ্ঠিত স্বামী তুরীয়ানন্দজীকে শ্রীরামকৃষ্ণের মত সম্বন্ধে প্রশ্ন করেছিলেন স্বামী শর্বানন্দ। উত্তরে তুরীয়ানন্দজী একটি যুক্তিপূর্ণ
সরল অনুভবসিদ্ধ চিঠি লিখেছিলেন,
"সকল মত তিনি (শ্রীরামকৃষ্ণ) নিজে
সাধন করে, এক সত্যে পৌঁছান যায়
অনুভব করে, তবে পূর্বের অভিমত প্রকাশ করিয়াছিলেন।
"পারমার্থিক সত্য এক অদ্বৈত, যাকে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান ইত্যাদি অনেক নামে অভিহিত করা হয়।
"যিনি ঐ সত্য (Truth) উপলব্ধি
করিয়াছেন, তিনি উহা নিজের সংস্কার ও রুচি অনুযায়ী প্রকাশ করিতে চেষ্টা
করিতে বিশেষ নাম দিয়াছেন।
"কিন্তু কেহই 'পরিপূর্ণ সমগ্র সত্য' কি তাহা প্রকাশ করিতে সমর্থ হন নাই। 'তিনি যাহা, তিনি তাহাই' এই মনোভাবই উপলব্ধিমান ব্যক্তিসকলের চরম সিদ্ধান্ত।
"অবস্থাবিশেষে গৌড়পাদের অজাতবাদ, শঙ্করের বিবর্তবাদ, রামানুজের
পরিণামবাদ অথবা শিবাদ্বৈতভাব সকলই সত্য।
"আবার এ সকল ছাড়া তিনি
অবাত্মন-সোগোচরং। ঐ সকল মতবাদের প্রতিষ্ঠাতাগণ
(প্রবর্তকগণ) তপস্যা করিয়াছেন এবং
ভগবানের বিশেষ কৃপা ও অনুগ্রহ প্রাপ্ত
হইয়া তাঁহারই নির্দেশে ভিন্ন ভিন্ন মত
প্রচার করিয়াছেন।
"তাঁহাকে লইয়াই সকল বাদ, কিন্তু তিনি বাদবিচারের পারে। এই সত্যটি প্রচার করাই যেন ঠাকুরের
মত বলিয়া মনে হয়।
"দেহবুদ্ধ্যা দাসোহস্মি, জীববুদ্ধ্যাতদংশকঃ। আত্মবুদ্ধ্যা ত্বমেবাহং ইতি মে নিশ্চিতা
মতিঃ ॥"
দেহবুদ্ধি থাকলে আমি দাস (দ্বৈতবাদ)
তুমি প্রভু। জীববুদ্ধি থাকলে আমি তাঁর অংশ
(বিশিষ্টাদ্বৈতবাদ)। যখন আত্মোপলব্ধি হয় নিজেকে আত্মা বলে জানি তখন দেখি তুমিই আমি,
আমাতে তোমাতে কোনও প্রভেদ নেই। এই প্রসঙ্গে উল্লেখ করা যায়
শ্রীরামকৃষ্ণের কথা: 'শেষে এই বুঝেছি,
তিনি পূর্ণ আমি তার অংশ, তিনি প্রভু
আমি তাঁর দাস, আবার এক-একবার
ভাবি, তিনিই আমি আমিই তিনি।'
'ন তদস্তি বিনা যৎ স্যান্ময়া ভূতং চরাচরম্' -তিনি ভিন্ন তো কিছুই নাই,
সবই তো তিনি। আমরা তাঁকে না দেখেই তো অন্য জিনিস দেখি-নতুবা তিনিই সব। নামরূপ তো, তাঁ থেকেই এবং তাঁতেই। তরঙ্গ, ফেন, বুদ্বুদ-জল ছাড়া তো কিছুই না। এতে তোমার বিবর্তবাদ থাক্ আর যাক্ ।... তবে ঠাকুরের এমন অবস্থা হয়ে যেত,
যখন তিনি ভাবাতীত হয়ে যেতেন। তখন নামরূপ থাকতো না, তার পারে
যেতেন। সে অবাত্মনসোগোচর অবস্থা। তখনও সেই একই আছেন-অদ্বৈত ছাড়া আর কিছু নাই।”
স্বামী অভেদানন্দজী
শ্রীরামকৃষ্ণ-প্রণামমন্ত্রে শ্রীরামকৃষ্ণের অদ্বৈতভাবের বর্ণনা করেছেন-
'ওঁ নিরঞ্জনং নিত্যমনন্তরূপং
ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ।'
-'নিত্য নিরঞ্জন যেই অখণ্ড স্বরূপ।
ভক্ত তরে কৃপা করে ধরে নাম রূপ॥
তাঁর অদ্বৈতভাবটি সুললিত ছন্দে লিপিবদ্ধ স্বামী অভেদানন্দজী শ্রীরামকৃষ্ণের ধ্যানমন্ত্রেও করেছেন।
"হৃদয়কমলমধ্যে রাজিতং নির্বিকল্পং
সদসদখিলভেদাতীতমেকস্বরূপম্। প্রকৃতিবিকৃতিশূন্যং নিত্যমানন্দমূর্তিং
বিমলপরমহংসং রামকৃষ্ণং ভজামঃ ॥"
-হৃদয়কমলে শোভে নির্বিকল্প-রূপ
সদসদ ভেদাতীত অদ্বয়-স্বরূপ। প্রকৃতিবিকারশূন্য সত্য-সনাতন চিন্ময় আনন্দঘন মূর্তি-নিরঞ্জন। বিমল পরমহংস ইষ্ট সবাকার ভজি
সবে সেই রামকৃষ্ণ-অবতার ।
"নিরুপমমতিসূক্ষ্মং নিষ্প্রপঞ্চং নিরীহং
গগনসদৃশমীশং সর্বভূতাধিবাসম্। ত্রিগুণরহিতসচ্চিদ্ব্রহ্মরূপং বরেণ্যং
বিমলপরমহংসং রামকৃষ্ণং ভজামঃ ।।"
-নিরুপম অতিসূক্ষ্ম প্রপঞ্চরহিত ইচ্ছাহীন যিনি সদা-সর্বভূতে স্থিত। গগনসদৃশ ব্যাপ্ত সবার ভিতর গুণাতীত
পূর্ণব্রহ্ম চৈতন্য আকর। বিমল পরমহংস ইষ্ট সবাকার ভজি সবে সেই রামকৃষ্ণ-অবতার ॥
( সংগ্রহীত)
■■■■■■■■■■■■■■■■■■
Comments
Post a Comment